ফটোসাংবাদিকদের অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান কাদের গণি চৌধুরীর
ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী ফটোসাংবাদিকদের অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলন ও জাতীয় সংকটের সময়ে ফটোসাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য তুলে ধরেছেন, কিন্তু তাদের অবদান অনেক ক্ষেত্রেই যথাযথভাবে স্বীকৃতি পায়নি।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কাদের গণি চৌধুরী বলেন, আলোকচিত্র সময়ের দর্পণ এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী।
একটি ছবি অনেক সময় লক্ষ শব্দের চেয়েও শক্তিশালীভাবে সত্য প্রকাশ করতে পারে। আলোকচিত্রের একটি সর্বজনীন ভাষা রয়েছে, যা পৃথিবীর যেকোনো দেশের মানুষ সহজেই বুঝতে পারে।
তিনি বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ফটোসাংবাদিকদের তোলা ছবি বিশ্ববাসীর সামনে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছে এবং মানুষের বিবেক জাগ্রত করেছে।
ফটোসাংবাদিকদের ঝুঁকিপূর্ণ দায়িত্বের বিষয়টি তুলে ধরে এই সাংবাদিক নেতা বলেন, ঘটনাস্থলের একেবারে সামনে থেকে কাজ করতে হয় বলে ফটোসাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।
অনেকেই আহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি দেশত্যাগ করতেও বাধ্য হয়েছেন। তবুও তারা সত্য প্রকাশের দায়িত্ব পালন করে গেছেন।
তিনি আরও বলেন, অনেক দক্ষ ও অভিজ্ঞ ফটোসাংবাদিক বর্তমানে বেকার অবস্থায় রয়েছেন। তাদের তালিকা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল ফটোসাংবাদিকদের সহযোগিতা বাড়ানোরও দাবি জানাই।
এসময় ফটোসাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বিপিজেএ সভাপতি একে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল, প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বিএফইউজের সহ-সভাপতি রাশেদুল হক, বিপিজেএ সেক্রেটারি বাবুল তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান সুমন, যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজীব, প্রচার সম্পাদক মো. সৌরভ, ক্রীড়া সম্পাদক খোকন শিকদার প্রমুখ।





























