• ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার দুপুর ২:৪৯
S M Tajul Islam এপ্রিল ১৫, ২০২৬

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই

ঢাকা: অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, সিএমএসএমই খাতের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন, তাই এ খাতের সামগ্রিক অগ্রগতির জন্য ঢাক চেম্বার এবং সরকার একযোগে কাজ করতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয়ঃ ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

আলোচনায় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর একটি সমন্বিত অর্থনৈতিক কাঠমো তৈরির ওপর জোরারোপ করেন। বাংলাদেশের বাস্তবতায় ব্যাংক কোম্পানি আইনসহ আর্থিকখাতের অন্যান্য আইনেরও সংস্কার দরকার বলে তিনি মত দেন।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, শ্রমঘন শিল্প, যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব, সেগুলোর উন্নয়নে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়া ইতোমধ্যে বন্ধ হওয়া শিল্প-কারখানাগুলো চালুর পাশাপাশি অন্যান্য শিল্পখাতে উৎপাদন বাড়ানো এবং নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকারের পক্ষ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি অভিহত করেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার যেহেতু বিপুল জনরায় নিয়ে সরকার পরিচালনায় এসেছে, তাই বৈশ্বিক সংকটের অভিঘাতের কারণে দেশে মানুষের জীবনযাত্রায় যেন কষ্ট লাঘব হয়, সেই বিষয়টিকে বেশি হারে প্রাধান্য দিচ্ছে, যার কারণে জ্বালানি তেলের মূল্য এখনও বৃদ্ধি করা হয়নি।

উপদেষ্টা আরও বলেন, দেশের আর্থিক খাতের দুরাবস্থার বিষয়ে আমরা সবাই অবগত রয়েছি, তবে এ অবস্থা উত্তরণে সরকার প্রয়োজনীয় নীতি প্রণয়ন, সংষ্কার সহ অন্যান্য উদ্যোগ গ্রহণ করা হবে। দীর্ঘমেয়াদী টেকসই ঋণ ব্যবস্থা প্রবর্তনের জন্য একটি শক্তিশালী বন্ড মার্কেট ও পুঁজিবাজারের কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) মো. আব্দুল ওয়াহাব, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগ) নওশাদ মোস্তফা এবং পরিচালক (গবেষণা) সেলিম আল মামুন, এনসিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান প্রমুখ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *