• ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যা ৭:৫৯
S M Tajul Islam মার্চ ২৫, ২০২৬

কুমিল্লার দুর্ঘটনায় মিলল অবহেলার প্রমাণ, দায়িত্বে ছিলেন না দুই গেটম্যানই

ঢাকা : কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জনের প্রাণহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে এসেছে। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট বন্ধ না থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দায়িত্বে থাকা দুই গেটম্যান মো. হেলাল (৪১) ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সংস্থাটি।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে মো. হেলালকে গ্রেপ্তার করা হয়।

তিনি এই ঘটনায় দায়ের হওয়া মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

এর আগে গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।

এ ঘটনায় নিহত যাত্রী সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার মো. হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *