• ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বিকাল ৪:০০
S M Tajul Islam মার্চ ২৩, ২০২৬

৭ দিন বন্ধের পর শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে মঙ্গলবার

ঢাকা : পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হতে যাচ্ছে। রমজান মাসে পোস্ট ক্লোজিং সেশনসহ ৩ ঘণ্টা ৫০ মিনিট লেনদেন হলেও ঈদের পর প্রচলিত নিয়ম অনুযায়ী পুরো সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে উভয় শেয়ারবাজারে।

শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৭ মার্চ থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টানা সাত দিন ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রমসহ উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

স্টক এক্সচেঞ্জ দুটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরবে।

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

রমজানে উভয় শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন পরিচালিত হয়েছে। পুরো মাসজুড়ে ডিএসই ও সিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলমান ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *