• ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বিকাল ৪:০২
S M Tajul Islam মার্চ ২৩, ২০২৬

কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় পৃথক তদন্ত কমিটি

ঢাকা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাস্থ পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

এছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনাজনিত কারণে দায়িত্ব ও কর্তব্যে অবহেলায় দায়িত্বরত কুমিল্লার সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান, গেটম্যান মেহেদী হাসান ও মো. হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২২ মার্চ) রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

শনিবার (২১ মার্চ) দিনগত রাত ২টা ৪৫মিনিটে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ধাক্কার ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সাত পুরুষ, দুই নারী ও তিন শিশু রয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা দেন। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক এবং ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

ইতোমধ্যে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *