• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার বিকাল ৪:৪৭
S M Tajul Islam এপ্রিল ২২, ২০২৬

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু

ঢাকা : আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম চালু করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, দেশীয় পণ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং মেড ইন বাংলাদেশ উদ্যোগকে শক্তিশালী করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের শুরু থেকে প্রতি মাসে দুটি করে উপজেলায় এ কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয় বাছাই করে প্রথমে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ ও ড্রেস বিতরণ করা হবে।

পরে ধাপে ধাপে অন্য শ্রেণিতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কোন কোন বিদ্যালয়ে কার্যক্রম শুরু হবে তা নির্ধারণ করবে।

প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে পাটের ব্যাগ ও এক লাখ শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে ধনী-দরিদ্র বৈষম্য কমানো, দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়া এবং পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম বিস্তৃত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *