• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত ১:২৪
S M Tajul Islam এপ্রিল ১, ২০২৬

রূপগঞ্জে প্রকাশ্যে রফিক, প্রশাসনের নিরবতায় আতঙ্কিত জনগণ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে বহুল আলোচিত ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, যিনি ‘আন্ডা রফিক’ নামে পরিচিত, তাকে প্রকাশ্যে এলাকায় দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন আড়ালে থাকার পর তার এমন উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে দাবি করছেন অনেকে। তবে এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

রফিকুল ইসলাম রফিক একসময় ডিম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি স্থানীয়দের কাছে ‘আন্ডা রফিক’ নামেই সুপরিচিত। পরবর্তীতে জমি ও আবাসন খাতে ব্যবসার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ২০১৬ সালে ক্ষমতার দাপটে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন বলে জানান স্থানীয় জনগণ।

তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ, প্রতারণা ও আর্থিক অনিয়মের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, তার কিছু ব্যাংক হিসাব জব্দ এবং সম্পদের ওপর আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে কয়েকজন ভুক্তভোগী নিজেদের জমি সংক্রান্ত বিরোধ, ভয়ভীতি ও ক্ষতির অভিযোগ তুলেছেন।

তবে এতসব অভিযোগে অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি ‘আন্ডা রফিক’ এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি কিছু মামলায় জামিনে আছেন। এলাকায় প্রকাশ্যে আসার বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *