বাংলাদেশ আগ্রাসী শক্তির ‘সরাসরি নিন্দা’ করবে, প্রত্যাশা ইরানি রাষ্ট্রদূতের
ঢাকা: ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি জানিয়েছেন, বাংলাদেশ আগ্রাসী শক্তির ‘সরাসরি নিন্দা’ করবে বা এর প্রতিবাদ করবে বলে তারা প্রত্যাশা করেন।
বুধবার (৪ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা জানান।
বাংলাদেশ সরকার ইরান ইস্যুতে দুটি বিবৃতি দিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিবৃতি আমরা দেখেছি।
তবে আমরা আশা করি যে বাংলাদেশ যেহেতু ইসলামিক একটি দেশ, মুসলিম একটি দেশ, ওআইসিসহ জোটনিরপেক্ষ আন্দোলন ন্যামের সদস্য দেশ, সেই হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা করবে বা এর প্রতিবাদ করবে—এরকম আমরা আশা করি।
‘আমরা কোনো দেশের কাছ থেকে কোনো লজিস্টিক সাপোর্ট চাই না। আমরা শুধু চাই যে একটি মুসলিম দেশ আক্রান্ত একটি মুসলিম দেশের প্রতি তাদের সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করবে’, যোগ করেন রাষ্ট্রদূত।
ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরান শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে।
আমাদের দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো শক্তি রয়েছে। কোনো আগ্রাসী শক্তির কাছে ইরান মাথা নত করবে না।





























