• ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ৩:০৫
S M Tajul Islam মার্চ ১৯, ২০২৬

সাংবাদিকদের বকেয়া বেতন-বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জামায়াত সেক্রেটারির

ঢাকা : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

স্ট্যাটাসে জামায়াত নেতা বলেন, ‘পবিত্র ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক ও কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস বকেয়া থাকার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।’

তিনি আরও উল্লেখ করেন, ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব।

কিন্তু এই সময়েও যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট অত্যন্ত হৃদয়বিদারক। যারা প্রতিদিন প্রতিকূলতার মধ্যে সত্য তুলে ধরেন এবং মানুষের কথা বলেন-তাদের এই অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট গণমাধ্যম মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি- অবিলম্বে সকল বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করুন।’

সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাকে একটি সম্মিলিত নৈতিক অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তিনি।

পরিশেষে তিনি সাংবাদিক সমাজসহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *