মাদক অধিদপ্তরের পরিদর্শককে গুলি: অস্ত্রসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ঢাকা : রাজধানীর স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড গুলির খোসা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামি।
তিনি জানান, সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে ওয়ারী থানাধীন স্বামীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন অধিদপ্তরের সদস্যরা। এ সময় ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পালানোর পথে ফেলে যাওয়া একটি রিভলভার উদ্ধার করে। সেখান থেকে চার রাউন্ড গুলিভর্তি একটি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়।
ডিসি ওয়ারী জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে আরও একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোলায়মান হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ওয়ারী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





























