মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা-কল্যাণ নিশ্চিত করতে চাই: হুমায়ুন কবির
ঢাকা : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের অবস্থান একেবারে পরিষ্কার। সেখানে অবস্থানরত ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের মুখ্য লক্ষ্য।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে কোনো অস্পষ্টতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের নাগরিকদের কল্যাণে সরকার কাজ করছে এবং করবে।
যেসব বাংলাদেশি বর্তমানে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করাই অগ্রাধিকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের মানুষের স্বার্থ দেখাই স্বাভাবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের সুবিধা-অসুবিধা ও নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। বিষয়গুলোকে ‘টপ প্রায়োরিটি’ দিয়ে কাজ করা হচ্ছে।
যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং যারা দেশে ফেরার জন্য টিকিট নিয়েছেন, তারা যেন কোনো সমস্যায় না পড়েন-সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে একইদিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক, প্রতিমন্ত্রী নুরুল হক এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করছে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণে যা প্রয়োজন, তা করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সরকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে। পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। এ ধরনের প্রক্রিয়ায় চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন।





























