• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ২:৪৪
S M Tajul Islam মার্চ ২, ২০২৬

মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ

ঢাকা : মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ। সোমবার (২ মার্চ) বিকেলে তিনি মধ্যপ্রাচ্যের চার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

মধ্যপ্রাচ্যের ওই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি।

টেলিফোনে তারা চলমান সংকট এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন।

তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশগুলোতে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীরা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *