• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ২:৪৫
S M Tajul Islam মার্চ ২, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের মাঝেই পরমাণু অস্ত্র বৃদ্ধির ঘোষণা ম্যাঁক্রোর

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা আর সংঘাত বাড়তে থাকায় পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ঘিরে বৈশ্বিক অস্থিতিশীলতার মাঝে সোমবার এই ঘোষণা দিয়েছেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নিজেদের ভাণ্ডারে থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি করবে ফ্রান্স।

সোমবার উত্তর-পশ্চিম ফ্রান্সের এল’ইল লং সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছেন এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের এই ঘাঁটি দেশটির সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনের প্রধান কেন্দ্র।

ম্যাক্রোঁ বলেছেন, বর্তমানে ফ্রান্সের কাছে ৩০০টির কম পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তিনি এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ঠিক কতটি নতুন অস্ত্র যুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি ফরাসি প্রেসিডেন্ট। ম্যাঁক্রোর ঘোষণা অনুযায়ী যদি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, তাহলে সেটি হবে ১৯৯২ সালের পর ফ্রান্সের পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর প্রথম ঘটনা।

ম্যাক্রোঁ বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে ফ্রান্সের পরমাণু প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা স্পষ্ট করাই এই পদক্ষেপের লক্ষ্য।

তিনি বলেন, ফ্রান্স এখন থেকে তার মিত্র দেশগুলোতে অস্থায়ীভাবে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান মোতায়েনের অনুমতি দেবে। একই সঙ্গে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য তাদের হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক মাত্রার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে যৌথভাবে কাজ করবে।

ফ্রান্স এবং ব্রিটেন উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও ইউরোপের অধিকাংশ রাষ্ট্রই সম্ভাব্য শত্রুদের দমনে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে। ইউরোপীয়দের যুক্তরাষ্ট্রের ওপর এই নির্ভরশীলতা ট্রান্স-আটলান্টিক নিরাপত্তার কয়েক দশকের পুরোনো এক শক্তিশালী ভিত্তি বলে মনে করা হয়।

তবে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা এবং ঐতিহ্যগত মিত্রদের প্রতি তার কঠোর অবস্থান ইউরোপীয় বিভিন্ন দেশের সরকারকে বিচলিত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *