• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত ১২:১৫
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বিডিআর হত্যাকাণ্ডে আ.লীগের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির

ঢাকা : তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই যোগসূত্রের কারণেই ঘটনার প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও জনসমক্ষে আনা হয়নি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বর্তমানে বিএনপি রাষ্ট্রক্ষমতায়। বিএনপি যদি বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে না পারে, তবে এটি হবে তাদের চরম ব্যর্থতা। অবিলম্বে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং এর নেপথ্যে থাকা প্রধান ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

জামায়াত আমির বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল, তা ছিল মূলত দেশপ্রেমিক সেনাবাহিনীকে সামরিকভাবে দুর্বল করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওইদিন যাদের হত্যা করা হয়েছে, তাদের আগে থেকেই পরিকল্পনা করে টার্গেট করা হয়েছিল।

এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও নেপথ্যের কারিগরদের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো বিতর্ক রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *