নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগে পিকেএসএফের আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ
ঢাকা : নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম জোরদার করতে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে পিকেএসএফ। ফলে চলতি অর্থবছরে এ খাতে প্রতিষ্ঠানটির মোট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ দশমিক ২৬ কোটি টাকা। এ কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-৬ অর্জনে জাতীয় প্রচেষ্টা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলীতে অবস্থিত পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৬৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সভায় ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। এতে চলতি অর্থবছরে এ খাতে মোট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪১ দশমিক ৫৭ কোটি টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, এ অর্থের সঙ্গে নিজস্ব তহবিল ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ যুক্ত করে সহযোগী সংস্থাগুলো মাঠপর্যায়ে প্রায় ২০ গুণ বেশি অর্থ বিতরণ করতে সক্ষম হবে। এর মাধ্যমে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।
সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, ড. মো. তৌফিকুল ইসলাম, লীলা রশিদ, পিএইচডি এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।





























