• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত ১২:২০
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকা : তথ্যপ্রযুক্তির আলোকে বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এটা কীভাবে মূর্তমান করা হবে তা নিয়ে হোমওয়ার্ক করা হবে বলেও তিনি জানান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে আজ মতবিনিময় করেছি।

উনি দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাদের কথা শুনেছেন। বিশেষ করে বিটিভি ও বাংলাদেশ বেতারকে কীভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। উনি (প্রধানমন্ত্রী) সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে, বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীন সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি এবং একইসঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কীভাবে কাজে লাগাতে পারি। এ ধরনের একটা দিকনির্দেশনার মধ্যেই আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সে অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলব।

বিটিভির বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিতে চাচ্ছেন– এমন প্রশ্নের উত্তরে জহির উদ্দিন স্বপন বলেন, একটা তথ্যপ্রযুক্তি নির্ভর কমিউনিকেশন সিস্টেমের মধ্যে সারা পৃথিবী এখন প্রবেশ করেছে। আমরা সেই আলোকে বিটিভিকে একটা জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করতে চাই। বিমূর্তভাবে এই পর্যন্ত আমাদের লক্ষ্য।

এটাকে আমরা কীভাবে মূর্তমান করব, সে বিষয়ে আমরা হোমওয়ার্ক করব।

টেলিভিশনের চার সাংবাদিককে চাকরিচ্যুতির নোটিশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি উভয়পক্ষের সঙ্গে কথা বলার। কিন্তু আমি এখনো সম্মানজনক কোনো সাড়া পাইনি। তবে আমি আশাবাদী যে একটা সমাধান করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *