• ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল ৫:২৮
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নতুন সরকারকে ১০-১৫ বছরের উন্নয়ন প্রকল্পের ঘানি টানতে হবে

ঢাকা : প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন সালাহউদ্দিন আহমদ। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বৈঠক শেষ হয়ে বেলা আড়াইটায়।

বিবিসি বাংলা
সংসদে প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে কার্যকর হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ। আগামী ১২ই মার্চ সংসদের অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। তবে আগের সংসদের স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

গত ১৭ই ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপি জোট।

কালের কণ্ঠ
রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য:
এ যেন এক প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা দেড় বছরের সেই বন্দিদশা আজ নেই। এই স্বস্তিতেই যেন রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণ খুলে মেলে ধরলেন রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনে তাঁর কার্যালয়ে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য দীর্ঘ হওয়ায় আমরা দুই ভাগে ভাগ করতে বাধ্য হয়েছি। গতকাল প্রথম অংশ প্রকাশের পর দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। আজ ছাপা হলো দ্বিতীয় ও শেষ অংশ। সাক্ষাৎকার নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী ও বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীন।

বিবিসি বাংলা
বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে হুমকি ট্রাম্পের:
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর, দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোর উপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতবছর ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিলের সিদ্ধান্ত আসার পর শুল্ক ও বাণিজ্য চুক্তির কী হবে- বিশ্বের বিভিন্ন দেশ তা মূল্যায়ন করছে; এর পরই এই সতর্কবার্তা দিলেন তিনি।

বণিক বার্তা
নাজুক রাষ্ট্রীয় কোষাগার, বিপুল বকেয়া: দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই:
আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ৩৩ হাজার ৩৪০ কোটি টাকার ঋণ নিতে হয়েছে সরকারকে। রাষ্ট্রীয় কোষাগারের এ নাজুক অবস্থা দীর্ঘদিন ধরেই। তার ওপর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া এবং ঋণ পরিশোধের চাপ। এ অবস্থায় নতুন সরকারের বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের জন্য অর্থের সংস্থান কীভাবে হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিদ্যমান বাস্তবতায় জনপ্রত্যাশা পূরণ করা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বর্তমান সরকারের দায়িত্বশীল অনেকেই।

কালের কণ্ঠ
নতুন সরকারকে ১০-১৫ বছরের উন্নয়ন প্রকল্পের ঘানি টানতে হবে:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদিত এবং ১০ থেকে ১৫ বছরের বেশি সময় ধরে ঝুলে আছে ৮৬টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের ঘানি টানতে হবে নতুন নির্বাচিত সরকারকে। পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব প্রকল্পে বিপুল অর্থ আটকে আছে। ফলে সরকারের আর্থিক সক্ষমতা সংকুচিত হয়ে পড়েছে।

বণিক বার্তা
কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি উল্টো বাড়তি চাপ তৈরি করেছে বিএনপি সরকারের ওপর:
বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, এসব অনিয়মের সঙ্গে অনেক রিক্রুটিং এজেন্সি জড়িত থাকার প্রমাণ মিলেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে তাই প্রবাসী বাংলাদেশী ও বিদেশগমনেচ্ছুদের প্রত্যাশা ছিল, এ খাতে সংস্কারের পাশাপাশি নতুন শ্রমবাজার উন্মুক্ত হবে। বাস্তবে যদিও অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বন্ধ শ্রমবাজার খোলার বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। উল্টো প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ তাদের ভিসা নীতিতে বাংলাদেশের জন্য কড়াকড়ি আরোপ করে। ফলে শ্রমবাজার আরো সংকুচিত হয়েছে। এ অবস্থায় বিদ্যমান রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে থাকা অভিযোগ যাচাই না করে নতুন করে দফায় দফায় মোট ২৮২টি প্রতিষ্ঠানকে লাইসেন্স অনুমোদন দেয়া হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে।

আজকের পত্রিকা
সিটিতে শুরু, ইউপিতে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন:
সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যন্ত স্থানীয় সরকারের কোনো পর্যায়েই নির্বাচিত জনপ্রতিনিধি নেই। গত এক-দেড় বছরের এই শূন্যতায় সেবা পেতে নানা পর্যায়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের দায়িত্ব এখন এসব নির্বাচন দ্রুত শেষ করে সব জায়গায় জনপ্রতিনিধি বসানো।

সমকাল
প্রশাসক আসছেন, কাউন্সিলর না থাকায় ভোগান্তি যাবে না:
মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক হিসেবে বিএনপি নেতাদের নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ জানায়, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজকের পত্রিকা
বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার:
বিএনপি ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে কর্মরত সরকারি আমলাদের সরিয়ে দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা।

দেশ রূপান্তর
বিচার বিভাগে দলীয়করণ নয়:
রাষ্ট্র সুশৃঙ্খলভাবে পরিচালনায় সবার আগে প্রয়োজন সংবিধান ও আইন এবং এর যথাযথ প্রয়োগ। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংবিধান, আইনবিষয়ক বিধি-বিধান প্রণয়ন, বাস্তবায়নসহ আইন এবং বিচারসংশ্লিষ্ট দায়িত্ব পালন করে থাকে। জাতীয় সংসদে বিল আকারে আইন পেশ এবং তা বাস্তবায়নের মতো গুরুদায়িত্ব পালন করতে হয় এ মন্ত্রণালয়কে। আইন বিশ্লেষকরা বলেন, স্বাধীনতার পর পঞ্চাশ দশকের বেশি সময়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগ তার স্বকীয়তায় চলতে পারেনি। এর বড় কারণ একে রাজনীতিকীকরণের মাধ্যমে করায়ত্ত করার প্রবণতা ছিল স্পষ্ট। বিশেষ করে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে আইন ও বিচার বিভাগকে দলীয়করণ নিয়ে অভিযোগ ছিল বিস্তর। নতুন সরকার এই প্রবণতা থেকে বেরিয়ে আসবে এই প্রত্যাশা এখন আইন ও বিচারসংশ্লিষ্ট বিশিষ্টজনের।

সমকাল
মশার যন্ত্রণায় অতিষ্ঠ সারাদেশ:
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের ভেতরে বিল্লাল হোসেনের চায়ের দোকান। একটু স্বস্তিতে বেচাকেনা করবেন, সেটারও জো নেই মশার যন্ত্রণায়। দুপাশে দুটি কয়েল জ্বালিয়েছেন, তাও মশা দমে না। মশার প্রসঙ্গ তুলতেই তাঁর বারুদ কণ্ঠ। বললেন, ‘মশার দল আমারেই কক্ষন তুইল্লা নিয়া যায়– এই চিন্তায় থাহন লাগে।’

রোকেয়া সরণির পীরেরবাগ রোডের বাসিন্দা বাদল সূত্রধর বলেন, ‘এত মশা জীবনে দেখিনি। মশা শরীরে লাগলেই চুলকায়। দোকানে মশা নিয়ন্ত্রণের সামগ্রীরও সংকট দেখা দিয়েছে। ঘরে মশার কয়েলও জ্বালানো নিরাপদ না। এ নিয়ে বিপদে আছি।’

দেশ রূপান্তর
বৈষম্যবিরোধী আইন শুধুই কথার কথা:
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিতই বৈষম্যের শিকার হন দলিত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী। সামাজিক নিগ্রহ ও অস্পৃশ্যতার শিকার এসব ব্যক্তির করা অভিযোগের প্রতিকারও সুদূর পরাহত। মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে সব নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার সুরক্ষা, রাজনৈতিক-অর্থনৈতিক, সামাজিক সাম্য ও তাদের মানবসত্তার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে।

সমকাল
ভর্তুকি পৌঁছাতে কৃষক কার্ড চালুর উদ্যোগ:
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ও সরকারি ভর্তুকি সরাসরি পৌঁছে দিতে সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কার্যক্রমের দিকনির্দেশনা এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, মধ্যস্বত্বভোগীর প্রভাব কমিয়ে প্রকৃত কৃষকের হাতে সরকারি সুবিধা সরাসরি পৌঁছানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও নির্দেশ দেন, কৃষক কার্ড দ্রুততম সময়ে মাঠ পর্যায়ে কার্যকর করতে এবং দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

যুগান্তর
আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ:
ভারতীয় প্রতিষ্ঠান আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এ চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছেন সরকারের নিযুক্ত যুক্তরাজ্যের আইনজীবী ফারহাজ খান। ওই চুক্তি নিয়ে সোমবার বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত চার মন্ত্রীর বৈঠকে তিনি ওই পরামর্শ দেন। ফারহাজ খান এজন্য সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতেও বলেন। তার মতে, নির্বাহী আদেশ দিয়ে এ চুক্তি বাতিল সম্ভব নয়।

প্রথম আলো:
‘ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে’, এমন পরিস্থিতি বাংলাদেশে নেই
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের একটি বক্তব্য অনেকের নজর কেড়েছে। অনেকে মনে করছেন, মন্ত্রীর বক্তব্যে দেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র কিছুটা ফুটে উঠেছে। কেউ কেউ মনে করছেন, এতে চিকিৎসকদের কিছুটা হেয় করা হয়েছে।

কালবেলা
মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব:
রাজধানীর অভিজাত ধানমন্ডি আবাসিক এলাকার ২৫২ নম্বর (পুরাতন)/৭১ নম্বর (নতুন), সড়ক ১২/এ প্লট। এক বিঘা আয়তনের প্লটটির বাজারমূল্য বর্তমানে শতকোটি টাকারও বেশি। এক পাকিস্তানি নাগরিক ছিলেন এই প্লটের মালিক। স্বাধীনতার পর ওই পাকিস্তানির মৃত্যু হলে তার স্ত্রী দেশ ত্যাগ করেন। নিয়ম অনুসারে এই সম্পত্তি সরকারি ব্যবস্থাপনায় পরিত্যক্ত সম্পত্তির তালিকায় চলে যায়। কিন্তু সরকারি নথিতে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত থাকার কথা থাকলেও গেজেট প্রকাশে দীর্ঘসূত্রতা ও অধিগ্রহণ প্রক্রিয়ায় অদৃশ্য বাধা তৈরি হয়। সেই ফাঁকেই গড়ে ওঠে প্রভাবশালী একটি সিন্ডিকেট, যেখানে কিছু ব্যবসায়ী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুক্ত আছেন। আমমোক্তার দলিল, আপস-মীমাংসা আর প্রভাবের ছায়ায় ধীরে ধীরে রাষ্ট্রীয় সম্পত্তি ব্যক্তিমালিকানায় নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, পরিত্যক্ত ঘোষিত সম্পত্তি ব্যক্তিমালিকানায় যাওয়ার সুযোগ নেই। তবু ধানমন্ডির এক বিঘার প্লটটি ঘিরে যে নাটকীয়তা, তা রাষ্ট্রীয় সম্পদ দখলের এক উদ্বেগজনক নজির হয়ে উঠেছে। দীর্ঘসময়েও কোনো গণতান্ত্রিক সরকার এই সম্পত্তি ব্যক্তিমালিকানায় দেয়নি; কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের ছায়ায় গড়ে ওঠা একটি বিশেষ সিন্ডিকেট জমিটি অবমুক্ত করে ব্যক্তিমালিকানায় হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *