• ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যা ৬:৩৯
S M Tajul Islam ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে এনডিপির অভিনন্দন

ঢাকা, বুধবার (১৮ ফেব্রুয়ারি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি। একই সঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

১৮ ফেব্রুয়ারি বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের জন্য এক ইতিবাচক বার্তা বহন করেছে। জনগণের প্রত্যক্ষ সমর্থনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় এনডিপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।

গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকার একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

এনডিপি নেতারা বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে নতুন সরকার জাতীয় ঐক্য সুদৃঢ় করবে এবং বিভাজনের রাজনীতি পরিহার করে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা নিশ্চিত করবে।

মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান:
নেতৃবৃন্দ আরও বলেন, গুম, খুন ও ক্রসফায়ারের মতো ঘৃণ্য রাজনীতি ও মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নেবে—এমনটাই দেশবাসীর প্রত্যাশা। তারা বিশ্বাস করেন, নতুন সরকার আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষায় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।
অর্থনীতি ও সুশাসনে জোর দেওয়ার আহ্বান
বিবৃতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। এনডিপি আশা প্রকাশ করে যে, নতুন মন্ত্রিসভা জনগণের আস্থা অটুট রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং উন্নয়নকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেবে।

বিবৃতিতে এনডিপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সফলতা কামনা করেন এবং দেশের স্বার্থে গঠনমূলক রাজনৈতিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *