আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান
ঢাকা : ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। এর মধ্য দিয়ে জেনেছি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন।





























