• ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ১:৪৪
S M Tajul Islam মার্চ ১৯, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

ঢাকা : মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ অবস্থান তুলে ধরে।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বৃহস্প‌তিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এ জরুরি সভার আয়োজন করেছে।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম।

আলোচনায় অংশ নিয়ে নজরুল ইসলাম বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করে।

অধিবেশনে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান এ সংকট সমাধানের আহ্বান জানায়।

এ সময় নিরাপদ নৌ-বাণিজ্য নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপরও জোর দেয় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *