• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার সকাল ৮:৪৮
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, সিজিএস হলেন লে. জেনারেল মাইনুর

ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সিজিএস হিসেবে নিয়োগ পাওয়া লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি ছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *