• ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার দুপুর ১:৫৮
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৪, ২০২৬

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা : আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং এক বার্তায় জানায়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। ধাপে ধাপে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়।

ঈদের আগেই হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে। এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।

এ কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। তার নেতৃত্বে ১৪ সদস্যের এই কমিটিতে রয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব ও সমাজকল্যাণ সচিব।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়েও জরুরি সভার কথা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *