• ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার দুপুর ১:৫৮
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের নিয়োগ জনগণের সঙ্গে প্রতারণা: গোলাম পরওয়ার

ঢাকা : সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক ৬টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাকে নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর ও দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের সরকার কর্তৃক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারসমূহে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, এমন পরিস্থিতিতে ছয়টি সিটি করপোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে, সরকারের এই পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ।

গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক সরকারের এহেন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, আমরা অবিলম্বে দলীয় ব্যক্তিদের এই নিয়োগ বাতিলপূর্বক সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *