• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার রাত ১২:৪৬
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৭, ২০২৬

শিশু ও নারী হত্যা: ‘ধর্ষকের রক্ষকদের’ বিরুদ্ধে সোচ্চার জামায়াত আমির

ঢাকা : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক শিশু ও নারী নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অপরাধীর বিচার নিশ্চিত না করে উল্টো ধর্ষকের রক্ষক হওয়া কোনো সভ্য দেশের সংস্কৃতি হতে পারে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ঢাকায় ৬ বছরের শিশু তাহিয়া হত্যা, নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও খুন এবং হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এসব নিষ্ঠুরতা পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছে।

প্রশাসন ও রাজনীতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির অভিযোগ করে বলেন, এসব ঘটনায় নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনের চরম অবহেলা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, শিশু তাহিয়া হত্যার পর কার ইশারায় একে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা হলো? কারা মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে?

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার দাপটে নির্যাতিতদের দমিয়ে রাখা ও খুনিদের আড়াল করা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।

ইনসাফের প্রশ্নে আপস নয়– উল্লেখ করে তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না।

অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির।

একইসঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নিরাপত্তা, উন্নত চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষে ডা. শফিকুর রহমান হত্যার শিকারদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অঙ্গীকার করেন, দেশের সব মজলুম মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তারা সবসময় পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *