• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার সকাল ৮:৪৭
S M Tajul Islam ফেব্রুয়ারি ২৩, ২০২৬

মোহাম্মদপুরে চাঁদাবাজ গ্রেপ্তার, হাতকড়া পরিয়ে মাইকিং পুলিশের

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগে ফারুক ওরফে কালা ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরানো অবস্থায় তাকে নিয়ে এলাকায় চাঁদাবাজবিরোধী মাইকিংও করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ফারুক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছিলেন।

সম্প্রতি এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে।

এসি আরও জানান, ফারুকের হুমকি দেওয়ার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ ও ভিডিও ভাইরাল হওয়ার পর ফারুক আত্মগোপনে চলে যান।

অভিযানের মাধ্যমে তাকে আটক করে মোহাম্মদপুরে নিয়ে আসা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ গ্রেপ্তার ফারুককে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিং করেন। এ সময় তিনি বলেন, কেউ চাঁদা দেবেন না। চাঁদাবাজ দেখলে প্রতিরোধ করুন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, ফারুক স্থানীয়ভাবে চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *