• ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার রাত ১২:২৩
S M Tajul Islam ফেব্রুয়ারি ২০, ২০২৬

মিয়ানমারে পাচারকালে দুই বোটভর্তি সিমেন্টসহ আটক ১৯

কক্সবাজার: মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি ইঞ্জিনচালিত বোট এবং ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নৌবাহিনীর মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

​নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর সমুদ্রে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়।

অভিযান চলাকালীন সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে দুটি সন্দেহজনক বোট দেখতে পায় নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’। বোট দুটিকে থামার সংকেত দেওয়া হলেও তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ ও ‘এফবি সুরভি’ নামক বোট দুটিকে আটক করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে বোট দুটি থেকে ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ​২৫০ কেজি ডাল ও ছোলা, ১৬০ কেজি আদা, ৩৬০ বোতল এনার্জি ড্রিংক জব্দ করা হয়। জব্দকৃত মালামাল এবং আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *