কৃষি কার্ড-ফ্যামিলি কার্ডে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না
ঢাকা : দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না।
তিনি বলেন, ৫/৭ টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অর্ন্তবর্তী সরকারের রিজার্ভের ৪০ হাজার কোটি টাকার মাধ্যমে সরকার ইশতেহার বাস্তবায়নে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সেগুনবাগিচায় আন্তরিক মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরার অধিবেশনে একথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, দেশের মধ্যে অসাধু ব্যবসায়ীদের রাজত্ব কায়েম হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সিন্ডিকেটচক্র জ্যামিতিক হারে বাড়িয়ে দিচ্ছে। নিম্ন আয়ের মানুষ পারিবারিক প্রয়োজন পূরণ করতে হিমশিম খাচ্ছে। কার্যকরী পদক্ষেপ না নিলে সাধারণ জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে অর্ন্তবর্তীকালীন সরকার বিদেশীদের সাথে আঁতাত করেছে। প্রকৃত অবস্থান দেশের মানুষের সামনে উপস্থাপন না করতেই ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিয়েছে এবং ভোটের হার কম দেখিয়েছে। এদেশের মানুষ শরীয়াহ আইনকে ভালবেসে তাদের সমর্থন ইসলামের পক্ষে দিয়েছে, কিন্তু ইন্টেরিম সরকার বিদেশীদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। আজীবন গাদ্দার হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম ঘৃণার সাথে জনগণ স্মরণ করবে।
সভাপতির বক্তব্যে নগর সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেন, চলমান মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করে দেশকে বহির্বিশ্বে ঘৃণিত অবস্থায় দেখাতে এদেশের কিছু স্বার্থান্বেষী মহল তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।





























