• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল ৪:০২
S M Tajul Islam ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইরানের সঙ্গে সম্পর্কিত ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে সম্পর্কিত ৩টি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ভারত। গত ১৫ ফেব্রুয়ারি আরব সাগরের ভারতীয় সীমানার এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া— এই তিনটি ট্যাংকার জব্দ করেছে ভারতীয় কোস্টগার্ড বাহিনী।

এই তিন ট্যাংকারই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আছে। আরব সাগরের ভারতীয় সীমানায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল দিয়ে বেড়ায় প্রায় কোস্টগার্ড বাহিনীর প্রায় ৫৫টি জাহাজ এভং ১০ থেকে ১২টি হেলিকপ্টার ও বিমান। রোববার সাগরের যে এলাকা থেকে এই তিন ট্যাংকার আটক করেছে কোস্টগার্ড, সেখান থেকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের দূরত্ব ১০০ নটিক্যাল মাইল (এক নটিক্যাল মাইল= ১ দশমিক ৮৫ কিলোমিটার)।

রোববার ট্যাঙ্কার জাহাজগুলো জব্দের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছিল ভারতের কোস্টগার্ড বাহিনী। তবে পরে পোস্টটি মুছে ফেলা হয়।

এদিকে গতকাল এক বিবৃতিতে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি দাবি করেছে, ভারতীয় বাহিনীর হাতে জব্দ এই ট্যাংকার জাহাজ ৩টির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, স্টেলার রুবি এবং আল জাফজিয়া’র মালিক ইরান এবং অ্যাসফল্ট স্টার-এর মালিক চীন।

এই ট্যাংকার জাহাজগুলোর চলাচলের ওপর নিষেধাজ্ঞা আছে যুক্তরাষ্ট্রের। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এই জাহাজগুলো প্রায় সময়েই নিজেদের নাম পরিবর্তন করে।

ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান ও চীনের তেলবাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে।

এ কারণে অনেক সময় সাগরে চোরাই পথে চীনে তেলের চালান পাঠায় ইরান। ধারণা করা হচ্ছে এই জাহাজগুলো চীনের দিকে যাচ্ছিল।

৩টি ট্যাংকার জাহাজকে আপাতত মুম্বাইয়ের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে— এ ব্যাপারে আরও অধিকতর তদন্ত করা হবে।

সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *